পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোববার বিকেল ৫টা থেকে রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
কিছুক্ষণ আগে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ঢাকা মহানগরে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি এবং পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে কমিশনার বেনজির আহমেদ এ নিষেধাজ্ঞা জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকায় ৫ জানুয়ারি কয়েকটি রাজনৈতিক দল পাল্টাপাল্টি সভা-সমাবেশের কর্মসূচি দিয়েছে- একথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের মিছিল, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হলে অন্তর্ঘাতমূলক কার্যক্রম ও সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ঢাকা মেট্রোপলিটন এলাকায় রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, সকল প্রকার ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখিত সময়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে অথবা বসে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সহযোগিতাও কামনা করেছে ডিএমপি।