বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি, তিনি আবেদন করে নিরাপত্তা চেয়েছিলেন, তাই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ভুল করেছিলেন। এসময়, বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্রও তুলে ধরেন তিনি।
খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) কেন অফিসে থাকছেন? আবার বলছেন, বন্দি করে রাখা হয়েছে। আসলে আগে থেকেই সেখানে থাকার সব ব্যবস্থা করা হয়েছে। উনি কয়েকদিন আগে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিয়েছিলেন। যেই নিরাপত্তা বাড়াতে গেলাম, অমনি কথা বলা শুরু হলো।
এসময় দেশে তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে।
দেশের ছেলেমেয়েরা সুশিক্ষিত হলেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে— মন্তব্য করে তিনি আরো বলেন, দেশের প্রায় ৫ কোটি মানুষ এখন দারিদ্রসীমা থেকে উঠে এসেছে।
দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলের তুলনায় মাথাপিছু আয় দ্বিগুন হয়েছে।