বিগত বছর ২০১৪ সালে নারী ও শিশুর প্রতি সহিংসতা ১১% এবং পারিবারিক নির্যাতনের ঘটনা ৪৪% বৃদ্ধি পেয়েছে বলে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির এক প্রতিবেদনে উঠে এসেছে।
বৃহস্পতিবার রাজধানীতে গত বছরে দেশে নারীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী।
প্রতিবেদনে যৌন হয়রানি ও এসিড সন্ত্রাস কমেছে বলে এতে উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।
এতে বিগত কয়েক বছরের তুলনায় নারী ও শিশু নির্যাতনের মাত্রা কয়েক গুন বেড়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের তুলনায় গত বছর নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে ১১%। আর পারিবারিক নির্যাতনের ঘটনা বেড়েছে ৪৪%। ফতোয়ার মাধ্যমে নির্যাতন বেড়েছে ৫৪%। ধর্ষণ বেড়েছে ১০%।
এছাড়া ২০১৪ সালে ১৯১০ জন নারী ও শিশুকে হত্যা করা হয়। তবে, ২০১৩ সালের তুলনায় যৌন হয়রানি কমেছে ৩৭%। এসিড সন্ত্রাস কমেছে ৩৮% এমন তথ্যও উঠে আসে প্রতিবেদনটিতে।
এ সময় সালমা আলী বলেন, সরকারি বেসরকারি নানা উদ্যোগ নেয়া সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা রোধের ক্ষেত্রে কার্যকর কোনো ফলাফল দেখা যাচ্ছে না।
নারী নির্যাতন প্রতিরোধে সরকারের সদিচ্ছার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।