দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১টি নতুন মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে –এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খুব দ্রুত ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।
এসময় চালু হতে যাওয়া মেডিকেল কলেজগুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি যাতে রোগী মারার ডাক্তার বের না হয় সেদিকে নজরদারি বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার—এ কথা জানিয়েছে সেবার মনোভাব নিয়ে চিকিৎসা পেশায় আসতে নতুনদের প্রতি আহ্বান জানান।
সারাদেশে নতুন ১১টি মেডিকেল কলেজের মধ্যে ৫টি হবে সেনা সদরদপ্তরের অধীন। এগুলো চট্টগ্রাম, যশোর, রংপুর, বগুড়া এবং কুমিল্লা সেনানিবাসে। আর বাকি ছয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে টাংগাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী এবং রাঙামাটি জেলায়।
মানসম্মত চিকিৎসা শিক্ষা আর জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে আরো নতুন ১১টি মেডিকেল কলেজ যাত্রা শুরু করেছে। এ নিয়ে দেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ২৯টিতে। আর এর বাইরে বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে ৬৩টি মেডিকেল কলেজ।
একই সঙ্গে শিক্ষা ও চিকিৎসায় পিছিয়ে থাকা এলাকায় শিগগিরই বিশ্ববিদ্যালয় করার কথা জানান প্রধানমন্ত্রী।