অবরোধ-হরতালের আগুনের দগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। দুর্বৃত্তদের দেয়া আগুনে পোড়া যন্ত্রণাবিদ্ধ মানুষগুলোর জিজ্ঞাসা, এ আগুনের আঁচ রাজনৈতিক দলগুলোর কাছে আদৌ পৌঁছায় কী না! সেইসঙ্গে তারা জানতে চান, রাজনীতির এমন সহিংসতা কবে বন্ধ হবে।
অবরোধ ও হরতাল চলাকালে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের কোনাবাড়িতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হন ড্রাইভার সিদ্দিক আলী।
পরে রাত আড়াইটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। মুহুর্মুহু কাতরাচ্ছেন যন্ত্রণায়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন দুর্দশায় অসহায় তার পরিবার।
অবরোধ-হরতালে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে এমন আরও অনেকেই হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র অভিও তার একজন। গত বুধবার বন্ধুর বাসায় যাওয়ার সময় বঙ্গবাজারে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমার আঘাতে তার এক চোখ প্রায় অকেজো হয়ে পড়েছে।
সহিংস রাজনীতি অচিরেই বন্ধ হোক, দাবি অভির স্বজনদের।
এদিকে, অবরোধ-হরতালে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এ পর্যন্ত ২৫ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন, চিকিৎসাধীন আছেন ১২জন, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।
চিকিৎসা শেষে এসব রোগীদের পুনর্বাসনের বিষয়টির ওপর জোর দিলেন চিকিৎসকরা।