টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় শনিবার সকাল থেকেই চলছে মুরুব্বিদের হেদায়াতী বয়ান। এদিকে, এক মুসল্লি মারা গেছেন বলে জানা গেছে।
দ্বিতীয় পর্বের ২য় দিনের শুরুতে ভোরে ভারতের মাওলানা শওকত হোসেনের আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে। বয়ানের তরজমা করেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান।
ইজতেমার বিশাল ময়দানে সকাল থেকেই খিত্তাওয়ারী মুসুল্লিরা অবস্থান নিয়ে তাবলীগ জামাতের মুরুব্বিদের বয়ান শুনছেন। মূল বয়ান হিন্দিতে হলেও বাংলাসহ বিভিন্ন ভাষায় তার তরজমা করা হচ্ছে। তবে শনিবার ভোর রাতে ইজতেমা ময়দানসহ গাজীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানিতে ভোগান্তিতে পড়েন মুসুল্লিরা। এ কারণে ফজরের নামাজ অনুষ্ঠিত হয় ভেঙে ভেঙে।
তবে মুসুল্লিরা জানিয়েছেন, বৃষ্টির কারণে সামান্য কষ্ট হলেও ইজতেমায় ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শুনে দিন কাটছে তাদের।
ইজতেমায় পানি, বিদ্যুৎসহ সকল সুযোগ সুবিধা আগের চেয়ে বাড়ানো হয়েছে। এ কারণে মুসুল্লিদের তেমন সমস্যা না হলেও ডায়রিয়া, শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন অনেক মুসুল্লি। ইজতেমায় বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন তারা।
এদিকে, ইজতেমায় আগত আলী আজিম হাওলাদার নামের এক মুসুল্লি বাধ্যক্যজনিত কারণে মারা গেছেন। তার বাড়ি বরিশালের টিকাশর গ্রামে বলে জানা গেছে।
দ্বিতীয় দিনও লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে কোরআন-হাদিসের আলোকে বয়ান। দ্বিতীয় দিন শনিবারও ইজতেমাস্থলে মুসল্লিরা আসছেন। শিল্প নগরী টঙ্গী ইজতেমা উপলক্ষে এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।
বিকেলে অনুষ্ঠিত হয় যৌতুক বিহীন বিয়ে। রেওয়াজ অনুযায়ী ইজতেমার বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। আগামীকাল- রোববার আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।