ইস্যুবিহীন আন্দোলনের নামে মানুষ হত্যা থেকে দেশের মানুষকে রেহাই দিতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে ১০তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে এ কথা বলেন তিনি।
এসময় অবরোধের নামে নাশকতার মাধ্যমে দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে গোয়েন্দাদের আরও সতর্ক হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীতে জাতীয় গোয়েন্দা সংস্থার বহুতল ভবনের ভিস্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে চোরাকারবার, মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দাদের আরও কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
পরে সেখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, এনএসআই সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে দেন প্রধানমন্ত্রী। এসময় এসএসআই সদস্যদের জন্য নেয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
দেশের মাটি ব্যবহার করে দেশি-বিদেশি সন্ত্রাসী ও জঙ্গিদের কর্মকাণ্ড বন্ধে এনএসআই সদস্যদের আরো তৎপর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।