আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো বিশ্ব ইজতেমার ২য় পর্ব। রোববার সকাল সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ মোনাজাত শেষ হয় ১১টা ৫৪ মিনিটে।
মোনাজাতে শরিক হতে ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। টঙ্গী শহর ইজতেমা প্রাঙ্গণসহ আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এদিকে, সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ছাদ থেকে পড়ে ইজতেমাগামী ২ জন এবং গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক মুসল্লি নিহত হয়েছেন।
শেষ মুহূর্তের আমবয়ানে ঈমান, আমল ও আখলাকের কথা শুনেন দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লি। 'আমিন আমিন' ধ্বনিতে মুখরিত হয় তুরাগ তীর। মুসলিম উম্মাহ ও বিশ্বমানবের শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সা'দ।
মহান আল্লার দরবারে দুই হাত তুলে নাজাত চান ধর্মপ্রাণ মুসলমানরা। নারী-পুরুষ নির্বিশেষে সবাই শরীক হন আখেরি মোনাজাতে।
মুসল্লিদের চলাচলের সুবিধার জন্য ঢাকা এবং আশপাশের এলাকা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হলো বিশ্ব ইজতেমার ৫০তম জমায়েত। ২য় পর্বে আসা মুসল্লিদের জিকির-আসকারে মুখরিত টঙ্গীর তুরাগ তীর।
আখেরি মোনাজাত উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।