দেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ— উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মহাজোট সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার এ লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে দেশে নাশকতামূলক তৎপরতা নিয়ন্ত্রণে আসার পাশাপাশি জনমনে শান্তি এসেছে।
সোমবার বিকেল দশম জাতীয় সংসদের শীতকালীন পঞ্চম অধিবেশনের ভাষণে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীতে আরো ৫০ হাজার সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
এছাড়া, জনগণের আশা-আকাংখা পূরণে জাতীয় সংসদকে গঠনমূলক ও আরো কার্যকর করতে সরকার ও বিরোধী উভয় পক্ষের প্রতি আহ্বান জানান আবদুল হামিদ।
ভাষণে তিনি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কার্যক্রম ও সফলতা তুলে ধরেন।
এর আগে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী স্বাগত ভাষণ দেন। এ সময় দেশের যেসব সাংসদ ও বিশিষ্টজন মারা গেছেন তাদের ওপর শোক প্রস্তাব আনা হয়।
ভাষণে সরকারের কর্মকাণ্ড ও জাতীয় উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন রাষ্ট্রপতি।
পরে রাষ্ট্রপতির দেয়া ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনাও অনুষ্ঠিত হবে এ অধিবেশনে।
এছাড়াও অধিবেশনে আইন প্রণয়ন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
সোমবার স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় আসন্ন অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ চূড়ান্ত করা হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এ অধিবেশনের জন্য দুটি নতুন বিল জমা পড়েছে। এ ২টি বিল হচ্ছে ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল ২০১৫ ও ফরমালিন নিয়ন্ত্রণ বিল ২০১৫।
এর আগে সর্বশেষ গত ৩০ নভেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়।