সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় এ বছর হজ যাত্রীদের নিবন্ধন ফি দুই কিস্তিতে পরিশোধ করতে হবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোশারাফ হোসেন ভুইয়া সাংবাদিকদের বলেন, এ বছর হজ যাত্রীদের নিবন্ধন ফি জমা দেয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
প্রথম কিস্তি ৫১ হাজার ৬৯০ টাকা ৫ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। আর বাকি টাকা দিতে হবে আগামী ১০ জুনের মধ্যে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে যুব সংগঠন আইন-২০১৪ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন এছাড়াও প্রখ্যাত গীতিকার গোবিন্দ হালদারের মৃত্যুতে মন্ত্রিসভায় একটি শোক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে দেশের যুব সংগঠনগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাভুক্ত করে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে যুব সংগঠনগুলোর ক্ষেত্রে নিবন্ধন, পরিচালনা, বিলুপ্তি, শাস্তির বিধান সন্নিবেশিত করা হয়েছে।
বর্তমানে দেশে অলাভজনক ও অরাজনৈতিক যুব সংগঠনগুলো সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত। কিন্তু যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় থাকায় সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এখন থেকে নতুনভাবে সংগঠন গঠন করতে আগ্রহীদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে নতুবা কমপক্ষে ৬ মাস এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে।
আইন লঙ্ঘন করলে সংগঠন বিলুপ্ত করার অধিকার রাখবে সরকার। এছাড়া তিন চতুর্থাংশ সদস্যদের ভোটে এবং সরকারের অবগতির মাধ্যমেও সংগঠন বিলুপ্ত করা যাবে। আর বিদ্যমান যুব সংগঠনগুলোকে ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সংগঠন পরিচালনার অনুমতি নিতে হবে নতুন আইন পাশ হবার পর বলে জানান মন্ত্রী পরিষদ।
মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বর্তমানে রাজনৈতিক যুব সংগঠনগুলো নতুন আইনের আওতামুক্ত থাকলেও শিগগিরই সেগুলো অন্তর্ভুক্ত হবে।