বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ নিন্দা জানান তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রসচিব শহীদুল হক।
তিনি বলেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী তাদের কাছে সরকারের অবস্থান তুলে ধরেন। মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি এবং বিজেপি সভাপতির ফোনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এ বিষয়ে কূটনীতিকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান মন্ত্রী।
গণতন্ত্রের বিকাশে সবচেয়ে বড় অন্তরায় সহিংসতা, অবিলম্বে সংঘাতময় পরিস্থিতি থেকে বাংলাদেশ বের হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তারা জানান সচিব।
পররাষ্ট্র সচিব বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে বিদেশি মিশনের কূটনীতিক এবং প্রতিনিধিদের নিয়মিত অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
সাংবাদিকদের ব্রিফে পররাষ্ট্রসচিব শহীদুল হক আরো বলেন, বৈঠকে অংশ নেয়া রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা চলমান রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি বৈঠক করেছেন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে। প্রায় দেড় ঘণ্টার এ বৈঠকে চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।