যারা বোমা নিক্ষেপ করবে—গাড়িতে আগুন দেবে তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার সচিবালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পুরস্কারের মূল্য কত হবে তা পরে জানানো হবে।
কামাল বলেন, ‘যে যেখানে এ কাজে সম্পৃক্ত আছে সেটার তালিকা তৈরি করা হয়েছে এবং যে বা যারা অর্থ যোগান দিচ্ছেন তাদের তালিকা পেয়েছি ও করছি। সবাইকে এ কাজে দোষী সাব্যস্ত করে তাদের বিচারে আওতায় আনা হবে। রাস্তায় গাড়িতে অগ্নিসংযোগ করে জানমালের ওপর আঘাত হানে সম্পদ বিনষ্ট করে বাড়িঘরে আগুন ধরায়, বাস, ট্রাক, ট্রেনে নাশকতা করে এ সমস্ত দুষ্কৃতকারীদের যারা ধরিয়ে দিবেন অব্যশই তাদের আমরা পুরস্কৃত করা হবে।’
মন্ত্রী আরো বলেন, নির্দেশনা পেলে নাশকতা করে মানুষ হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে এবং তিনিও গ্রেপ্তার হতে পারেন।
ভাইবার ও ট্যাঙ্গোর পর হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দেয়ার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, এসব মাধ্যম ব্যবহার করে সন্ত্রাসীরা অপরাধ করছে বলে তাদের কাছে খবর রয়েছে। এ কারণে সাময়িকভাবে মাধ্যমগুলো বন্ধ রাখা হয়েছে। পরে খুলে দেয়া হবে।