হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে আইনের আওতায় আনা যুক্তিযুক্ত –তবে আইন নিজ গতিতে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম জানতে চান- ‘চলমান হরতাল-অবরোধে ৩০ জনকে হত্যা করা হয়েছে, ৬০০ এর বেশি যানবাহন পোড়ানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের হুকুমে এসব ঘটেছে। হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে আইনের আওতায় আনা হবে কি না?
উত্তরে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া মানুষ হত্যায় নেমেছেন? দিনমজুর, খেটে খাওয়া, ট্রেন-বাস যাত্রী সাধারণ মানুষের ওপর কেন এ আক্রমণ, তা আমার বোধগম্য নয়। উনি ঘরবাড়ি ছেড়ে অফিসে বসে হুকুম দিচ্ছেন। তার হুকুমেই এভাবেই মানুষগুলোকে পুড়িয়ে মারা হচ্ছে।
‘কাজেই হুকুমের আসামি হিসেবে তাকে আইনের আওতায় আনা, এটা হচ্ছে যুক্তিযুক্ত। আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাছাই করে দেখবে এবং তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।’
বিরোধীজোট আন্দোলনে জনসমর্থন না পেয়ে নাশকতার পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভানেত্রী।
তিনি বলেন, সরকার যখন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামাত জোট নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে তা ব্যহত করতে চাইছে।
চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কোনো সমর্থন না পেয়ে বিএনপি-জামাত আরো নাশকতামূলক কাজে জড়িয়ে পড়ছে।
এছাড়া পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী নিয়োগ করে সন্ত্রাস ও নাশকতা দমনের চেষ্টা চলছে উল্লেখ করে শেখ হাসিনা সন্ত্রাসীদের ধরিয়ে দিতে জনগনকে এগিয়ে আসার আহ্বান জানান।