বাংলাদেশ সম্পর্কে বিদেশে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে মিশনগুলোকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রবাসে বাংলাদেশিদের সুযোগ-সুবিধা নিশ্চিত এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে মিশনগুলোকে আরো তৎপর হতে বলেন তিনি।
কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বঙ্গবন্ধুর গৃহীত পররাষ্ট্রনীতি ও সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় এ নীতিতেই চলছে বাংলাদেশ।
এরইমধ্যে বাংলাদেশ বর্হিবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে— এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের এ অগ্রগতি রুদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে কোনো কোনো গোষ্ঠী।
বাংলাদেশ সম্পর্কে বিদেশে যাতে অপপ্রচার কেউ না ছড়াতে পারে সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও তা বিদেশি মিশনের কর্মকর্তাদের প্রতি নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ-ভারত প্রসঙ্গে তিনি বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথে রয়েছে।
এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের সীমান্তবর্তী জেলা ও স্থানীয় সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।