বিশ্বের প্রায় সাত হাজার থিঙ্ক ট্যাঙ্কের তালিকায় প্রথম একশোর মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস। বৃহস্পতিবার থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড সিভিল সোসাইটি প্রোগ্রাম-টিটিসিএসপি একযোগে ৫১টি দেশে এ সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করে।
গবেষণার গুণগতমান ও প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা বিচার করে টিটিসিএসপি এ রিপোর্টি প্রকাশ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী।
গবেষণার গুণগতমান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিচারে বংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের স্থান বিশ্বে ৯৭তম।
স্বায়ত্বশাসিত এ গবেষণা প্রতিষ্ঠানটির সবশেষ অবস্থা সাংবাদিকদের কাছে তুলে ধরেন এর মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, টিটিসিএসএসপির সর্বশেষ হিসেবে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিআইডিএসের অবস্থান ১৭তম, উন্নয়ন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে ২৪তম আর সরকারের সহযোগী থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে ৩৩তম।
টিটিসিএসপির প্রাথমিক তালিকায় বাংলাদেশের আরও ৩৫টি বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক থাকলেও প্রথম একশোর মধ্যে আসতে পারেনি এদের কেউই। অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রশ্ন তোলেন এসব বেসরকারি থিঙ্ক ট্যাঙ্কের অর্থের উৎস নিয়ে।
বিআইডিএসের গবেষণার ফলাফল ও সুপারিশ যথাযথভাবে ব্যবহৃত হয় না বলে হতাশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
২০১৪ সালে ২০টি গবেষণা সম্পন্ন করার পাশাপাশি আরও ২৮টি গবেষণা চলমান আছে বলে জানানো হয়।