আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতে শোকাহত খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপির শীর্ষ নেতা ও খালেদা জিয়ার আত্মীয়-স্বজন।
শনিবার আরাফাত রমহান কোকোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসতে শুরু করেন তারা।
জানা গেছে, ছোট ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ ঘটনার আকস্মিকতায় অনেকটাই নিথর হয়ে পড়েছেন তিনি।
এরইমধ্যে গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন খালেদার ভাই সাঈদ এস্কেন্দারের স্ত্রী নাছরিন এস্কেন্দার, শামীম এস্কেন্দারের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম, সালাউদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবু রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ, রুহুল আলম চৌধুরী, সাবেক সাংসদ আশরাফউদ্দীন নিজান, নাজিম উদ্দীন আহমেদ, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ শোকাহত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন।