ঢাকাকে ভেঙে আরো একটি বিভাগ করার পরিকল্পনা নেয়া হয়েছে–জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এতে প্রশাসনিক কাজ আরো দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে—এ কথা উল্লেখ করে জনপ্রশাসনের দীর্ঘসূত্রতা দূর করে মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিসিএসসহ অন্যান্য বিভাগে শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদোন্নতির কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়িয়ে দক্ষতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলা করতে কর্মকর্তাদের নিদের্শ দেন তিনি।
ময়মনসিংহকে বিভাগে উন্নীতকরণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে— ঢাকাকে জনসংখ্যার ভিত্তিতে আরো কয়েকটিভাগে ভাগ করে জনগণের সুযোগ-সুবিধা বাড়ানোর পক্ষে মত দেন প্রধানমন্ত্রী।
জনপ্রশাসনের কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে প্রতিটি জেলায় ফ্ল্যাট করতে দ্রুত ব্যবস্থা নেয়াও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।