বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাদ আসর এ জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে জানানো হয়েছিল কোকোর জানাজা মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুর আড়াইটার দিকে দলের সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, 'আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা সর্বসাধারণের সুবিধার্থে ২৭ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার লাশ বনানীস্থ আর্মি কবরস্থানে দাফন করা হবে।'
সংবাদ বিজ্ঞপ্তিতে জানাজা ও লাশ দাফনে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী জানান, কোকোর গায়েবানা জানাজা সারাদেশে বুধবার পরিবর্তন করে মঙ্গলবার সকালে সাড়ে ১০টা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, কোকোর মৃত্যুতে বিএনপি ৩ দিনের শোক পালন করছে। সোমবার থেকে শুরু হয়েছে আগামী বুধবার শেষ হবে।
শোক কর্মসূচি উপলক্ষে বিএনপির কার্যালায়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কালো ব্যাজ ধারন করেছেন নেতা-কর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খোলা হয়েছে শোকবই।
কর্মসূচির অংশ হিসেবে খুলনার পিটিআই মোড় থেকে বের হয় শোকর্যালি বের হয়। পরে দলীয় কার্যালয়ে কোকোর রুহের মাগফেরাত কামনায় কুরআন তেলোয়াত, দোয়া ও শোকসভা করা হয়েছে।
এদিকে, চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উদত্তোলন করা হয়েছে। এছাড়াও দেশের প্রতিটি জেলায় বিএনপি নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করছেন।
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।