অবরোধের নামে সহিংস কর্মকাণ্ডে মানুষ পুড়িয়ে হত্যার অভিযোগে সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চসহ মুক্তিযুদ্ধের সপক্ষের বেশ কয়েকটি সংগঠন।
মঙ্গলবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণঅবস্থান কর্মসূচিতে এ দাবি জানান।
এদিকে, সকালে চলমান সন্ত্রাস ও সহিংসতা বন্ধে রাজধানীতে আয়োজিত আলাদা আলাদা মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চিকিৎসক সমাজ।
বিএনপি-জামাতের ডাকা হরতাল অবরোধের নামে দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ,ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ও গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে গণজাগরণ মঞ্চ। অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধের দাবি জানান তারা। এছাড়া একই অভিযোগে বিএনপির নেতৃবৃন্দকে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।
এদিকে, অবরোধের নামে নাশকতার প্রতিবাদে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসরা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ড. ইকবাল আরসালান বলেন, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন।
মানবন্ধনে অংশ নেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ পেশাজীবী নেতাকর্মীরা। এসময় তারা যানবাহনে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাসহ অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের দাবি জানান তারা।
এর আগে সকালে একই দাবিতে মানবন্ধন করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা।