সেনাবাহিনীর মতো একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনীর প্রথম মহিলা রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন।
মুক্তিযুদ্ধের প্রেরণা ও বীর মুক্তিযোদ্ধাদের অনুসারি হিসেবে নিজেদের গড়ে তুলতে আর্মি মেডিকেল কোরের প্রথম নারী রিক্রুট সদস্যদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, সমাজের অর্ধেক জনসংখ্যাই নারী। নারীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছাড়া কোনো ক্ষেত্রেই পূর্ণাঙ্গ সাফল্য অর্জন সম্ভব নয়।
তিন বাহিনীর প্রধান ও সামরিক ও বেসামরিক বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে সেনাবাহিনীর মতো একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশ গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পেশাগত উৎকর্ষ ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে কাজ করার জন্য আর্মি মেডিকেল কোরের প্রথম নারী রিক্রুট সদস্যদের নির্দেশনাও দেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে ৮৭৯ জন নবীন প্রশিক্ষণার্থীর সশস্ত্র সালাম গ্রহণ করেন তিনি।