সহিংসতা বন্ধে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার হরতালবিরোধী আইন করার চিন্তাভাবনা শুরু করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পেট্রোল বোমায় আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, সহিংসতা বন্ধে আইন করতে সব মহলের দাবি বিবেচনায় নিয়ে হরতালবিরোধী আইন করার কথা ভাবছে সরকার।
২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির টানা ২৩ দিনে পেট্রোল বোমায় আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে মারা গেছেন ৬ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। গত বুধবার রাতে মিরপুর কালশীতে ককটেল বিস্ফোরণে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হন সহকারি জজ আসাদুজ্জামান। বৃহস্পতিবার দগ্ধদের দেখতে বার্ন ইউনিটে যান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
এর আগে আইনজীবীদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, সহিংসতা মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে আসামি করা যুক্তিযুক্ত হয়েছে।
মন্ত্রী বলেন, জনদাবি ও মামলার পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
আইনমন্ত্রী বলেন, নাশকতা আর সন্ত্রাস সৃষ্টির জন্যই খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি উঠেছে।
তিনি জানান, পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
মন্ত্রী আরো বলেন, সুপ্রিমকোর্টের রায়ে জেলা জজদের সচিব মর্যাদা দেয়াকে অনৈতিক বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে যে মন্তব্য করেছেন তাতে বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের কোন সমস্যা তৈরী হবে না।