বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের ২৫তম দিনে শুক্রবার রাজধানীর গুলিস্তানের ও তাঁতীবাজারে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে হতাহতের কোনো খবর জানা যায়নি।
পেট্রলবোমা নাকি অন্য কোনোভাবে আগুন দেয়া হয়েছে, সেটা বাসের চালক বা কেউ জানাতে পারেননি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস বলেন, আগুন দেয়ার পর অবরোধকারীরা পালিয়ে যায়। পরে সদরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
এছাড়া ২০ দলীয় জোটের অবরোধে সড়ক মহাসড়কে সহিংসতা রোধে ২১৬টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে শুক্রবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি আনসার মোতায়েন করা হচ্ছে।
জানা গেছে, সারাদেশের ঝুঁকিপূর্ণ এলাকায় পণ্য পরিবহন ও অন্যান্য যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১২ হাজার আনসার কাজ করবে।
এদিকে, নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
চলমান অবরোধে নাটোরেও তেমন কোনো প্রভাব পরেনি। প্রায় স্বাভাবিকভাবে চলাচল করছে দুরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কের যানবাহান।
এছাড়াও অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় চাঁদপুর, মাগুড়া ও খুলনার বিভিন্ন জায়গা থেকে ৭৩ জনকে আটক করেছে পুলিশ।