এসএসসি ও সসমানের পরীক্ষায় সব ধরনের সহায়তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে— জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি একেএম শহীদুল হক। শনিবার রাজধানীতে এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
দেশের জনগণ ও রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে পুলিশের এ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা চাইলে আলাদাভাবে নিরাপত্তা দেয়া হবে।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি সমাবেশ করতে চাইলে নিরাপত্তা বিবেচনা করে অনুমতি দেয়া হবে।
পুলিশ প্রধান শহীদুল হক বিশাল সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিতে ২০ দলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে অনুরোধ করছি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সময়টুকু হরতাল-অবরোধ প্রত্যাহার করুন।
আগামী সোমবার থেকে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। এই পরীক্ষা চলবে মাসজুড়ে।