রাজধানীর মিরপুরে একটি প্লাস্টিক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
মিরপুর-১'এর সনি সিনেমা হলের বিপরীত দিকে অ্যাপকো বাংলাদেশ লিমিটেড নামে একটি প্লাস্টিক কারাখানায় শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন ধরার আগে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রাথমিকভাবে জানা গেছে, প্লাস্টিকের গৃহস্থালির সামগ্রী তৈরির ওই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েই আগুনের সূত্রপাত হয়েছে।
পরে খবর পেয়ে দমকল বাহিনীর ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড়'ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের বার্ন ইউনিট, সোহরাওয়ার্দী ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।