ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইট তল্লাশি করে ৬১ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধার স্বর্ণের মধ্যে ৪৮১টি স্বর্ণের বার ও ১৪৪টি চেইন রয়েছে।
দুপুরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বিমানটি সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও এটি দুই ঘণ্টা আগে সকাল সাড়ে ৮টায় অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানটিতে তল্লাশি চালায়। এ সময় বিমানের মাঝখানের একটি টয়লেটের ভেতর থেকে এবং বিমানের লাইফ জ্যাকেট রাখার একটি বক্স থেকে ৬১ কেজির বেশি স্বর্ণবার ও অলঙ্কার উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, স্বর্ণ পাচারের এই ঘটনায় বিমানের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা সম্ভব বলেও জানান তিনি।
এদিকে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান ও উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিমানটিতে তল্লাশি চালিয়ে মোট ৪৮১টি স্বর্ণের বার ও ১৪৪টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণবারের মধ্যে এক কেজি ওজনের ৪টি ও ১০০ গ্রাম ওজনের দুটি বার রয়েছে।