কারাগারে থাকা বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিরা এখন থেকে স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন। তবে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, অপহরণকারী, চাঁদাবাজ ও মাদকের সঙ্গে জড়িত বন্দিরা এ সুযোগ পাবেন না। এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির পাশাপাশি বন্দিদের চাপ কমাতে তৈরি করা হচ্ছে নতুন কারাগার।
কারাবন্দিদের সঙ্গে যোগাযোগ করতে দেশে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন তাদের স্বজনরা। এতে অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। আবার কখনো কখনো অনেক কাঠ-খড় পুড়িয়েও দেখা মেলে না। এ অবস্থায় বন্দি ও স্বজনদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ তৈরি করতে যাচ্ছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় থাকা এ সংক্রান্ত একটি নীতিমালায় প্রতিবার ১৫ মিনিট করে কথা বলতে পারবেন কয়েদীরা।
কারা অধিদপ্তর মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, কারাগার সম্প্রসারণ ও নতুন কারাগার তৈরি হওয়ায় বন্দিদের চাপ কমে আসতে শুরু করেছে আর খাবারের জন্য পর্যাপ্ত বাজেটও থাকছে।
সেইসঙ্গে সাজা পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বন্দিদের মনোবল বাড়াতে নেয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রম বলেও জানান কারা অধিদপ্তর মহাপরিদর্শক।
প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় কারাগারসহ সারাদেশে মোট কারাগারের সংখ্যা ৬৮টি। সব কারাগার মিলিয়ে যেখানে বন্দি ধারণ ক্ষমতা প্রায় ২৮ হাজার। সেখানে বর্তমানে এসব কারাগারে বন্দি রয়েছেন ৭১ হাজারেরও বেশি।