দেশব্যাপী বিএনপি-জামাতের নাশকতা গণরোষের মধ্যদিয়েই শেষ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
দেশের মানুষ সচেতন, তারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা মেনে নেবে না—এ কথা উল্লেখ করে তিনি বলেন, গণরোষেই প্রতিহত হবে বিএনপি-জামাত। মানুষ পুড়িয়ে মারা মানবাধিকারবিরোধী কাজ, এ কাজ ইসলামবিরোধীও।
শেখ হাসিনা বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকে মানবতা ও ইসলাম বিরোধী অপরাধের শামিল। এরইমধ্যে দেশের মানুষ এসব সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন। জনগণের প্রতিরোধের মধ্যদিয়েই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।
আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তার কৃতিত্বের জন্য অর্থ মন্ত্রনালয়ের কর্মকর্তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বিএনপি-জামাত রাজনৈতিক কর্মসূচির নামে সারাদেশে নাশকতা চালাচ্ছে— এ কথা তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা আগে থেকেই দক্ষ। মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে পারবো। সচেতন মানুষের জনরোষেই এসব অপকর্ম প্রতিহত হবে।
এ সময় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালি করার মাধ্যমে দারিদ্রের হার কমিয়ে আনা সম্ভব এমন মন্তব্য করে এ বিষয়ে যথাযথভাবে কাজ করতে মন্ত্রনালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।