এসএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন।
আইএসের সঙ্গে বিএনপি-জামাতের নাশকতার কোনো পার্থক্য নেই— উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় যে পদক্ষেপ নেয়া দরকার তাই নেয়া হবে। এক্ষেত্রে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, জনসম্পৃক্ততাহীন আন্দোলনের নামে বিএনপি নেত্রী বাংলাদেশকে ধ্বংস করতে নেমেছেন। জামাতকে সঙ্গে নিয়ে দেশের জনগণকে পুড়িয়ে খালেদা জিয়া তার জিঘাংসা চরিতার্থ করছে।
প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন কিসের আশায় খালেদা জিয়া এমন বীভৎস ঘটনা ঘটাচ্ছেন?
খালেদা জিয়াকে ফোন করা ও কোকোর মৃত্যুর পর দরজা থেকে ফিরে আসার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, যারা সংলাপের কথা বলে, তাদের ক্ষেত্রে এমন হলে তারা কী করত? বিএনপি-জামাত আর আইএস এর মধ্যে কোনো পার্থক্য নেই।