বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে শনিবার বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ৪ জনের মধ্যে একজন মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম মো. হাসিব (৪০)। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা। বাবার নাম আবদুস সাত্তার।
হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার শহীদুল্লাহ দেওয়ান বলেন, হাসিবের শ্বাসনালিসহ শরীরের শতভাগ পুড়ে গেছে। ওই ঘটনায় দগ্ধ চালকসহ আরো দুই জন চিকিৎসাধীন রয়েছেন।
গতরাতে পৌনে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রূপিহার নামক স্থানে বগুড়া-নাটোর মহাসড়কে ওই ট্রাকে পেট্রলবোমা হামলা হয়। এতে ট্রাকের চালক, সহকারীসহ চারজন দগ্ধ হন।
এছাড়া, ময়মনসিংহের টাঙ্গাইল বাসস্ট্যান্ডে অবরোধকারীদের পেট্রোলবোমায় ৪ জন এবং রাজধানীর খিলগাঁওয়ে বাসে পেট্রোল বোমা হামলায় চালক দগ্ধ হয়েছেন।
এ নিয়ে গত দুই দিনে অবরোধকারীদের পেট্রোলবোমায় দগ্ধ হয়ে ১১ জনের মৃত্যু হলো, এর মধ্যে গাইবান্ধায় ৭ জন আর বরিশালের গৌরনদীতে ৩ জন।
এদিকে, গত দুই দিনে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরো অর্ধশতাধিক, যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।