বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় যেতে হলে লাশের ওপর দিয়ে নয়, গণতান্ত্রিক পন্থায় যেতে হবে। বিএনপি-জামাতের কর্মকাণ্ডকে জাতির জন্য দুর্ভাগ্যজনক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার ভূল সিদ্ধান্তের খেসারত জাতি দেবে না।
বিএনপি-জামাতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এরা মানুষ পুড়িয়ে মারা বন্ধ করুক আর এসএসসি পরীক্ষার সময় হরতাল অবরোধ বন্ধ করুক, যেন ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশুনা করতে পারে। সেভাবে তারা পদক্ষেপ নেবে এটা আশা করি।
তিনি বলেন, পুড়িয়ে মানুষ হত্যা করে কোনো অর্জন সম্ভব নয়, নাশকতা করে ক্ষমতায় যাওয়া যায় না।
অবরোধ-হরতালে বিঘ্নিত এসএসিস পরীক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ সপ্তাহে দুটি পরীক্ষা ছিল তা শুক্রবার, শনিবার করা হয়েছে। জামাত বিএনপি ধর্মের নামে ব্যবসা করে বেড়ায়। এদের তো কোনো বিশ্বাস নেই। শুক্রবারও আবার হরতাল দিয়ে দেবে কি-না কে জানে?