বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল আর টানা অবরোধে রাজধানীর ভিতরে ও বাইরে বাস চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন এ পেশায় জড়িতরা।
রাজনৈতিক সহিংসতায় উপার্জন বন্ধ থাকায় ক্ষতির শিকার হচ্ছেন রাজধানীর মহাখালি বাস টার্মিনালের চালক-হেলপারসহ কয়েক হাজার পরিবহন শ্রমিক। থাকা-খাওয়া ও সন্তানদের পড়ালেখার খরচ মেটাতে অনেকেই হয়ে পড়ছেন ঋণগ্রস্ত। উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের।
হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধের দাবি পরিবহন শ্রমিকদের।
এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মহাখালী বাস টার্মিনালের বাস হেলপার মাসুদ রানা। তার এ কষ্টের কথাই বলে দিচ্ছে দেশের চলমান অবস্থায় কি চরম দুরাবস্থার মধ্য দিয়ে দিন পার করছেন খেটে খাওয়া মানুষগুলো।
স্বাভাবিক দিনে মহাখালি বাস টার্মিনাল থেকে নিয়মিত চলাচলকারী বাসের সংখ্যা এক হাজারেরও বেশি। আর এ টার্মিনালকে ঘিরে জীবিকা চলে চালক-হেলপারসহ ৭ হাজারেরও বেশি পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের।
তবে গত এক মাসের বেশি সময় ধরে চলা ২০ দলের টানা অবরোধ-হরতালে এখন মহাখালি থেকে চলাচল করছে মাত্র ২০০টির মতো বাস। ফলে কাজ না থাকায় চরম বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। উপার্জন বন্ধ থাকায় খাওয়া দাওয়াসহ সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছেন অনেকেই।
যে কয়েকটি বাস চলছে তার চালকরা বলছেন, নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়েই নামতে হচ্ছে রাস্তায় ।
এ পরিস্থিতিতে অবরোধ-হরতালের মতো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানিয়েছেন তারা।