ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে টেলিযোগাযোগ অধিদপ্তর গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বলে জানিয়েছেন সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান।
মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, এ ধরনের সিদ্ধান্ত সাধারণত মন্ত্রিসভা না নিলেও প্রধানমন্ত্রীর তাগিদে অধিদপ্তরটি গঠনের অনুমোদন দেয়া হয়েছে। যোগাযোগ খাত বিটিআরসি নিয়ন্ত্রণ করে ও বিটিসিএল বাস্তবায়ন করে থাকে বলেও জানান তিনি।
তবে নীতিগত দিক দেখভাল করতেই টেলিযোগাযোগ অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে— উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে ২৩৮টি স্থায়ী পদ থাকবে।
আর ২০০৮ সালে বিটিসিএল গঠনের পর যেসব টেলিযোগাযোগ কর্মকর্তা সেখানে কাজ করতেন তারা এ অধিদপ্তরের আওতায় আসবেন বলে জানান তিনি।
এছাড়া সভায় করপোরেশন আইন ২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মোশাররাফ হোসাইন ।