ছয় মাসের মধ্যে বিচার সম্পন্ন করে নাশকতাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর ৯৩তম জন্মদিন উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
একই সঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারির পর সরকার পতনের যে বক্তব্য বিএনপি নেতারা দিয়েছেন তা আমলে নিয়ে তদন্ত করার কথাও জানিয়েছেন তিনি।
একই অনুষ্ঠানে যোগ দিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান লন্ডনের মাটি ব্যবহার কর সন্ত্রাসীরা যাতে কোনো কর্মকাণ্ড চালাতে না পারে সে বিষয়ে ব্রিটিশ সরকারকে চিঠি পাঠানোর তাগিদ দিয়েছেন।
দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের বিরুদ্ধেই বিএনপি-জামাত যুদ্ধ ঘোষণা করেছে উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাশকতাকারীদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর ৯৩তম জন্মদিন উপলক্ষে সোমবার আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
চতুর্থ স্মারক বক্তৃতায় সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে কবীর চৌধুরীর অবস্থান ও মতাদর্শের কথা তুলে ধরেন অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর।
আলোচনায় হরতাল, অবরোধ কর্মসূচির নামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির আবারও জামাতকে সংগঠন হিসেবে নিষিদ্ধের জোরালো দাবি তোলেন।