সহিংসতা বন্ধ করে গণতন্ত্রচর্চার পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বেদনাদায়ক মন্তব্য করে, তিনি চলমান সহিংসতা বন্ধে সব রাজনৈতিক দলের ভুমিকা প্রত্যাশা করেন।
বার্নিকাট বলেন, ‘ওয়াশিংটন চায় বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধ হোক। সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত থাকুক। মানুষের মত প্রকাশের স্বাধীনতাও বাজায় থাকুক।’
এর আগে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোট পিয়েরে লারামে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
বেনোট পিয়েরে লারামে বলেন, ‘যদি চলমান সহিংসতা বন্ধ হয় তাহলে কানাডা ও বাংলাদেশের উন্নয়ন সম্পর্ক আরো ভালো হবে।’
রাস্ট্রদূত ড্যান মজিনার জায়গায় তিনি ২৫ জানুয়ারি ঢাকায় আসেন, ৪ ফেব্রুয়ারি বার্নিকাট রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
এরপর সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রনালয়ে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো জোরদার ও বিস্তৃত করার বিষয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।