হরতাল-অবোরধের নামে আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যার এ ঘটনাকে বর্বরোচিত ও মর্মান্তিক- মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন বলেন, এই ধরনের সহিংসতা মঙ্গল বয়ে আনবে না। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে উপ-প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ইইউ এর রাষ্ট্রদূত বলেন, একজন মানুষ কিভাবে এই বর্বরোচিত কাজ করতে পারে?
এসময় প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার প্রস্তাবের কথা উল্লেখ করেন।
জামাতে ইসলামী নির্বাচনে অংশ নিতে না পারায় বিএনপিও নির্বাচনে অংশ নেয় নি- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে।
তাদের হাত থেকে রেহাই নেই শিশু ও অন্তঃসত্ত্বাও বলে জানান তিনি।
অবরোধের মধ্যে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলামী জঙ্গিবাদী সংগঠন আইএসের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, আইএসের মতো কাজ।
ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের বিশ্বস্ত অর্থনৈতিক সহযোগি হিসাবে অভিহিত করে পিয়ারে মায়াদন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ইইউ বিজনেস কাউন্সিল গঠনের কথাও বলেন।
‘ব্লু-ইকোনমি’ এবং বাংলাদেশের তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতের ওপর ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব দেয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে।