সংলাপের উদ্যোগ নেয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা নিজেদের বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর কাকরাইলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, এ সমস্যার সমাধান রাজনীতিবিদদেরই করতে হবে। বিএনপির সংলাপের প্রস্তাব নির্বাচন নিয়ে নয় বরং তাদের উদ্দ্যেশ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বানচাল করা।
তিনি বলেন, যারা সংলাপের উদ্যোগ নিয়েছেন তাদের শুরুতেই ভুল ছিল। বিএনপির অবরোধের নামে সহিংস কর্মকাণ্ডে যারা আওয়ামী লীগকে জড়াতে চাইছেন তারা নিরপেক্ষ নন।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিদেশিদের দিয়ে বিএনপির স্বপ্ন বাস্তবায়িত হবে না।
তিনি বলেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ হবে না। সরকার কোনোভাবেই সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসবেনা। জাতিসংঘ এসে সমঝোতা করুক, বিএনপির এমন প্রত্যাশাও পূরণ হবে না।
এছাড়া বিএনপি-জামাত জোটের সহিংসতার প্রতিবাদে ১৪ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তোপখানা রোডে সমাবেশ করে সাম্যবাদী দল।
এ সময় সংলাপের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে নেতারা বলেন, নিজেদের স্বার্থ হাসিল করতেই এমন উদ্যোগ।