উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা— তবে এ সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির ক্ষমতা অপরিবর্তিত থাকবে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইয়া সাংবাদিকদের বলেন, বৈঠকে মাঠপর্যায়ে অধিদপ্তর, সংস্থা, প্রকল্প পরিচালক, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা কতটা বাড়বে, তা সুনির্দিষ্ট না করা হলেও এখনকার তুলনায় বাড়বে। অর্থ মন্ত্রণালয় খুব শিগগির এ-সংক্রান্ত পরিপত্র চূড়ান্ত করবে।
বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন-সংক্রান্ত আর্থিক ক্ষমতা অর্পণ এবং অনুন্নয়ন বাজেটের আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃ অর্পণ-সংক্রান্ত সংশ্লিষ্ট পরিপত্রগুলো সংশোধনের প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে মাঠ প্রশাসনে সরকারি কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা বাড়বে। তবে মন্ত্রিসভা কমিটির আর্থিক ক্ষমতা অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বর্তমানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় প্রধান ১৪ কোটি টাকা, 'ক' শ্রেণির প্রকল্প পরিচালক ৮ কোটি ও 'খ' শ্রেণির প্রকল্প পরিচালক ৬ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের ক্ষমতা রাখবেন।
আজ এ ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন-২০১৪-এর ব্যাপারে গত ১৪ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানান তিনি।