দেশব্যাপী হত্যা ও নাশকতার দায় এড়াতে পারেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-১ আসনের সরকারদলীয় সদস্য গোলাম দস্তগীর গাজীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামাত দেশে নাশকতা চালাচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে লিখিত বক্তব্যে রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী নৃংশস কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নাশকতা চালাচ্ছে বিএনপি-জামাত। নাশকতার দায়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
দেশব্যাপী সহিংস পরিস্থিতি সামাল দিতে সরকার এ পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৪১ দিনে এক হাজারেরও বেশি অপরাধী গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
সহিংস পরিস্থিতিতে দেশের উন্নয়ন কর্মকান্ড কীভাবে বাস্তবায়ন হবে- এমন সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী সব কাজই এগিয়ে যাচ্ছে।
এ সময় নাশকতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানান শেখ হাসিনা।
এর আগে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতেই বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়লাভে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।