বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মূলত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ৩ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঢাকা সফরে মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে ‘অমর একুশে’ উদযাপন করবেন। ধানমণ্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন তিনি।
মমতার সফরসঙ্গী হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের নগর-উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, সংসদ সদস্য মুনমুন সেন ও দীপক অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
জানা গেছে, মমতা তার সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-ভারত, দুই দেশের ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গেও আলাদাভাবে দেখা করবেন মমতা।
২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে এটাই মমতার প্রথম সফর।
এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল মমতার। তবে তিস্তার পানি বন্টন চুক্তিতে রাজি না হওয়ায় সে যাত্রা বাতিল করেন তিনি।
তবে এ সফরে চুক্তি আদৌ আলোর মুখ দেখবে কি-না সে বিষয়ে এখন পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিরা মুখ খোলেননি।