আর একদিন পরই অমর একুশে। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে ভাষা দিবসের কর্মসূচি।
আর তাই কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে নেয়া হয়েছে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার যাওয়ার নির্ধারিত রুটে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে বলে জানালেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ। বৃহস্পতিবার নিরাপত্তার সার্বিক প্রস্তুতি ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিবারের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনারের চারপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
এদিকে, একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।
কেন্দ্রীয় শহীদ মিনার ও সংলগ্ন এলাকার সকল সড়কে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত সবধরনের যানচলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়। একুশে ফেব্রুয়ারিতে সর্বসাধারণের জন্য শহীদ মিনারে যাওয়ার রুটও জানিয়ে দেয়া হয় এসময়।
অমর ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারের মূলবেদি এরই মধ্যে ধুঁয়ে-মুছে পরিস্কার করা হয়েছে। চলছে আল্পনা আকাঁর কাজ।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি একে একে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিকরা। তারপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে শহীদ মিনার।