সৌদিআরবে গৃহকর্মী হিসেবে নারী শ্রমিকদের পাঠানো নিয়ে নিরাপত্তাহীনতার শঙ্কা করছেন বিশিষ্টজনেরা। তবে সরকার বলছে এসব গৃহকর্মীর মানবাধিকার রক্ষায় বাংলাদেশ মিশনে জনবল বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীতে দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব বলেন বক্তারা।
এ সময় তারা নারীদের গৃহকর্মী পেশায় না পাঠিয়ে বরং কলকারখানায় পাঠানোর ওপর ও মত দেন। তবে এ পেশায় নারীরা কোন ধরনের ভোগান্তির শিকার হবে না বলে মনে করছে জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রা।
এ সময় তারা বলেন, সাত বছর পর সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে গাড়িচালক ও গৃহকর্মী এ দুটি ক্যাটাগরিতে বিনা খরচে শ্রমিক নিচ্ছে দেশটি। তবে এক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আপত্তি তোলেছেন অনেকে।
তবে নারী শ্রমিকরা কোনো ধরনের ভোগান্তির শিকার হবে না এমন দাবি করে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা।
তারা জানায়, সরকার নির্ধারিত ডাটাবেস অনুসরণ করলে তারা ভোগান্তি কিংবা প্রতারণার শিকার হবেন না।
সৌদিআরবে সুষ্ঠুভাবে জনশক্তি পাঠাতে পারলে অন্যান্য দেশেও শ্রমবাজার খুলে যেতে পারে উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, এক্ষেত্রে শ্রম, প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
"সৌদি আরবে জনশক্তি রপ্তানির দ্বার উন্মোচন:অপার সম্ভাবনার সৃষ্টি" শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে দৈনিক ভোরের কাগজ। বৈঠকে অংশ নেন সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠন ও জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা।