নরসিংদীর পলাশে পেট্রোলবোমায় দগ্ধ জাহিদ আহমেদ নামে আরো একজন শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে রাজনৈতিক সহিংসতায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১তে।
বর্তমানে বার্ন ইউনিটি চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন। আইসিইউতে রয়েছেন ৫ জন। যাদের অবস্থা এখনও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
চিকিৎসকরা বলেন, মৃত জাহিদ আহমেদের শরীরের ৫৫% পুরে গিয়েছিলো আগুনে। স্বাসনালীও পুরে গিয়েছিলো বলে জানান তারা।
গত ১২ ফেব্রুয়ারি পেট্রোলবোমায় ট্রাক চালক জাহিদসহ আরো ২ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তাদের ভর্তি করে। এ ঘটনায় দগ্ধ বাকি ২ জন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শুক্রবার ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া পুরান ঘাট চৌরাস্তা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গত ৬ জানুয়ারি থেকে চলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধে সারাদেশে পেট্রোলবোমায় দগ্ধ হয়ে এ পর্যন্ত কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে।