মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বদর কমাণ্ডার মোহাম্মদ কামারুজ্জামান আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জমানের সঙ্গে দেখা করে তারা এ কথা বলেন।
তবে নাগাদ আবেদন করা হবে—জানতে চাইলে কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম বলেন, মৃত্যু পরোয়ানা যেদিন পড়ে শোনানো হয়েছে, সেদিন থেকে ১৫ দিন সময় আছে। এর মধ্যে রিভিউ আবেদন করা হবে।
এর আগে কারাগারের ভেতরে প্রবেশের আগে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির বলেন, তার সঙ্গে আরও চার জন আইনজীবী রয়েছেন। তারা ৪০ মিনিট সময় পেয়েছেন। এই সময়ে রায় পুনর্বিবেচনার আবেদন ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে তারা কামারুজ্জামানের সঙ্গে কথা বলবেন।
আইনজীবী শিশির মনির বলেন, কামারুজ্জামানের পরিবারের কেউ আজ তার সঙ্গে দেখা করছেন না।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফরমান আলী গতকাল সন্ধ্যায় বলেন, কামারুজ্জামানের পরিবারের কেউ দেখা করার আবেদন করেননি। আইনজীবীরা দেখা করার আবেদন করেছেন। সকালে তাদের দেখা করার অনুমতি দেয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত বুধবার প্রকাশিত হয়। বুধবার রাতেই ওই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষ বলছে, পুনর্বিবেচনার আবেদন করার জন্য আসামির হাতে ১৫ দিন সময় আছে। বৃহস্পতিবার থেকে এদিন গণনা শুরু হয়েছে।