আজ অমর একুশে। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই বিদেশি অতিথির উপস্থিতিতে এবারের আন্তর্জাতিক ভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন পেয়েছে ভিন্ন মাত্রা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বরাবরের মতোই এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। জনতার এই অবারিত স্রোত শহীদ মিনারে আসবে সারাদিন।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। প্রস্তুত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ ওপার বাংলার সাংস্কৃতিক অঙ্গনের এক ঝাঁক তারকা আর ইংল্যান্ডের হাউস অব কমন্সের স্পিকার ব্যারোনেস ডি সুজা। যাদের উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করেছে এবারের একুশে।
রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান জানিয়ে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।
রাষ্ট্রপতির পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শ্রদ্ধা জানান ইংল্যান্ডের হাউস অব কমন্সের স্পিকার ব্যারোনেস ডি সুজা।
এরপর শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তদার সফর সঙ্গীরা।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পক্ষ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিরোধীদলের নেতা রওশন এরশাদ। ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিন বাহিনীর পক্ষ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।
শ্রদ্ধা জানান, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের চেয়ারম্যান সাংসদ সাবের হোসেন চৌধুরী।
বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আপ্লুত বিদেশি অতিথি মমতা, প্রসেনজিত, মুনমুন, দেব। রাষ্ট্রীয় প্রটোকল শেষ হলে শহীদ বেদি উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। ঢল নামে জনতার।