দুই দেশের স্বার্থ সংরক্ষণ করেই তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার— প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আশ্বাস দিয়েছেন সফররত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
ইকবাল সোবহান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে মমতা বন্দোপাধ্যায় বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি অনেক ছোট ছিলেন। তবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানগুলো নিয়মিত শুনতেন।
এ সময় বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন মমতা।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, তিস্তা চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান ইতিবাচক।
এছাড়া সীমান্তে সন্ত্রাস, জঙ্গি তৎপরতা বন্ধে দুই দেশের সরকারের যৌথ উদ্যোগে কাজ করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় গণভবনে পৌঁছালে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নিজেই স্বাগত জানান।