আন্দোলনের নামে দেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধে পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা, শিল্পী, শিক্ষক ও চিকিৎসকরা। নাশকতার নিন্দা জানিয়ে সরকারকে এর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
রোববার গুলশান-২ এ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন।
মানববন্ধন শেষে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে যান। পরে পেট্রোলবোমায় দগ্ধ নিহতদের নামের একটি তালিকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ঝুঁলিয়ে দেন তারা।
পেট্রোলবোমায় নিহতদের স্বজনদের উপস্থিতিতে এ মানবন্ধন থেকে আন্দোলনের নামে আগুনে মানুষ পুড়িয়ে মারার তীব্র নিন্দাও জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, পাকিস্তানের ষড়যন্ত্র বাস্তবায়নে বিএনপি-জামাত জোট এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।
এ সময় ৮৬ নম্বার রোডে পুলিশের বাধায় কিছুক্ষণ অবস্থান নেন তারা।