সাম্প্রতিক সময়ে আদিবাসীদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও উচ্ছেদ আশংকাজনকভাবে বেড়ে গেছে। গত দুই মাসেই শুধু রাজশাহীতেই দুই জনকে হত্যা, একজনকে ধর্ষণ এবং সাওতালদের ৬০টি বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন।
এ সময়, ক্ষুদ্র জাতিসত্ত্বার নিরাপত্তা নিশ্চিত এবং ভূমি দখল রোধসহ ছয় দফা দাবি পেশ করা হয়।
নতুন বছরের শুরু থেকেই দেশে যেমন একদিকে শুরু হয়েছে রাজনৈতিক সহিংসতা, অন্যদিকে আশংকাজনকভাবে বেড়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি দখলসহ তাদের ওপর নানা নির্যাতন- এমন অভিযোগ করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের নির্যাতনের চিত্র তুলে ধরা হয় আদিবাসী পরিষদের সংবাদ সম্মেলনে।
গত মাসের ৮ জানুয়ারি রাজশাহীর তানোরে বাবলু হেমব্রমকে জবাই করে হত্যা, ১৮ ফেব্রুয়ারিতে গণেশ টুডুকে হত্যা, ২৪ জানুয়ারিতে দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬০টি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট হয়েছে বলে দাবি করে আদিবাসী পরিষদের। এ ঘটনা রোধে পুলিশ এবং রাষ্ট্র আন্তরিক নয় বলে অভিযোগ করেন তারা।
তাদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন বামপন্থী রাজনীতিবিদরা।
তারা বলেন, প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহারের ফলে এসব ঘটনা দিন দিন বাড়ছে।
আদিবাসীদের সংগঠন ক্যাপেং ফাউন্ডেশনের হিসেবে অত্যাচারিত হয়ে ২০১৪ সালে ৩০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার দেশ ছেড়েছে।