জাতীয় পরিচয়পত্র কার্ডধারীরা অনলাইনে নামের বানান, ঠিকানা, স্বাক্ষর, ছবিসহ প্রয়োজনীয় সব তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
বুধবার কমিশন কার্যালয়ে উদ্ধোধনী কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রকিব উদ্দিন বলেন, এ সুবিধা পাওয়ার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.org.bd ঢুকে নিজের মোবাইল নম্বর দিলে ইসি থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি পাসওয়ার্ড মোবাইল ফোনে চলে যাবে। এরপর ওই পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট করা যাবে।
তিনি আরো বলেন, আগামী দুই মাস প্রাথমিকভাবে এ সুযোগটি রাখা হবে। এতে নাগরিকরা স্মার্ট কার্ড পাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নিতে পারবেন।
সেইসঙ্গে এর সংশোধন, জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন ও তথ্য সংশোধনসহ ৬টি সেবাও পাওয়া যাবে অনলাইনে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।