বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি রাজনৈতিক দলের নেত্রী—তার বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার উচিত দেশের প্রচলিত আইনানুযায়ী সেসব মোকাবেলা করা –এ মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের দলের নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তবে খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করছে না সরকার সেরকম কোন উদ্দেশ্যও নেই বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রসঙ্গে তিনি বলেন, টকশোতে বড় বড় কথা বললেও ফোনালাপেই প্রকাশ পেয়েছে মান্নার আসল চেহারা।
দুপুরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল। বিভিন্ন খাতে দু'দেশের অর্থনৈতিক সম্পর্কসহ বাংলাদেশে তথ্য-প্রযুক্তি খাতে সুইডেনের বিনিয়োগকারীদের আগ্রহ নিয়ে আলোচনা হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় উঠে আসে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গ।
এক প্রশ্নের জবাবে, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার অভিযোগ নাকচ করে দেন বাণিজ্যমন্ত্রী।
মাহমুদুর রহমান মান্নার প্রসঙ্গে আরেকটি প্রশ্নে মান্নার ফোনালাপ শুনে গোটা জাতি বিস্মিত বলে মন্তব্য করেন তোফায়েল।