বাংলাদেশে বিএনপি জোটের ডাকা অবরোধ ও হরতালের নামে চলমান সহিংসতা বর্জন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নিশা বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের নিরসন অভ্যন্তরীণভাবেই করতে হবে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
ব্রিফিংয়ে নিশা আরো বলেন, সরকারের উচিত বিরোধীদলগুলোকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের সুযোগ দেয়া এবং একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় অগ্রসর হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র।
নাগরিক ঐক্যজোটের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তি বিশেষের মামলার ব্যাপারে তিনি কিছু বলতে চান না।